Image description

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই অনুরোধটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছে মিডল ইস্ট আই।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, গত মে মাসের শেষদিকে ট্রাম্প ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদকে ফোন করে হিজবুল্লাহর কোনো প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা করতে বলেন।

তবে পরবর্তীতে রাষ্ট্রদূত জানান, এমন যোগাযোগের ব্যবস্থা করা তার পক্ষে সম্ভব নয়।

এর কয়েকদিন পর, পহেলা জুন ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, উচ্চপর্যায়ের মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধে সম্মত হয়েছে।

তবে হিজবুল্লাহ-ঘনিষ্ঠ দুটি সূত্র এবং একজন লেবাননি কূটনৈতিক সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে হিজবুল্লাহর কোনো সরাসরি বা পরোক্ষ যোগাযোগ হয়নি।

রাষ্ট্রদূত বিষয়টি লেবাননের প্রেসিডেন্সিকে অবহিত করলে তাকে অনুরোধটি উপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, লেবানন সরকার তখন আন্তর্জাতিক আলোচনায় নিজেদের দেশটির একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল। তাই ট্রাম্প ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করলে প্রেসিডেন্সির রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে বলে কর্মকর্তারা মনে করেন।

একজন জ্যেষ্ঠ লেবাননি নিরাপত্তা কর্মকর্তা জানান, ট্রাম্পের এ প্রচেষ্টার আগে ও পরে যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও প্রতিবারই তা প্রত্যাখ্যাত হয়েছে।

হিজবুল্লাহর নীতিগত সিদ্ধান্তই হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ না করা।

এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শীর্ষনিউজ