Image description

‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোর নিয়ে বৈঠক করতে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় এসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

বৈঠক করতে শুক্রবার (১৭ জুলাই) রাতেই বিশেষ উড়োজাহাজে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান অমিত শাহ। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর এই প্রথম রাজ্যটির উত্তরবঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সফরে উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করেন তিনি।

 

বিমানবন্দর থেকে সরাসরি বিএসএফের কদমতলা ক্যাম্পে যান অমিত শাহ। সেখানে রাত্রিবাস করেন তিনি। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শিলিগুড়ির জুমাগাছে বিএসএফের ১৮তম ব্যাটালিয়নের সীমা চৌকিতে পৌঁছান। সেখান থেকেই আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেন অমিত শাহ। পরে প্রহরী সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি বৃক্ষরোপণ করেন। এছাড়া ৭৭ কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এমনকি ওয়াচ টাওয়ার থেকে সীমান্ত পরিদর্শন করেন শাহ। এ সময় তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিএসএফের মহাপরিচালক (ডিজি) প্রবীণ কুমারসহ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

 

সীমান্ত পরিদর্শন শেষে দুপুরে অমিত শাহ উপস্থিত হন উত্তরবঙ্গে অবস্থিত রাজ্য সরকারের সচিবালয় উত্তরকন্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিএসএফ বিজি বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ) সুকেশ জৈন এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারসহ সীমান্তবর্তী জেলার পুলিশ ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠকে করেন অমিত শাহ। অবৈধ অনুপ্রবেশ, কোনো প্রবেশকারীদের কাছ থেকে প্রাপ্ত ভুয়া ভারতীয় পরিচয় পত্র, গবাদি পশু ও মানব পাচার এবং সীমান্ত নাশকতাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়। ওই সমস্ত ইস্যু রোধে প্রয়োজনীয় নির্দেশ দেন শাহ। পাশাপাশি চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে আলোচনা হয়। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ চিকেনস নেক ভারতের বাকি অংশের সাথে উত্তর-পূর্ব ভারতের সংযোগস্থল-যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।