Image description

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অধিকার আদায়ের আন্দোলনে শহীদ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আসিফ হাসানের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রার্থনা কক্ষে জোহর নামাজের পর এই দোয়ার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুরসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, ডেপুটি রেজিস্টার এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাম্মেল হক।

 

জুলাইয়ের এই শহীদকে স্মরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রক্তস্নাত জুলাইয়ের অমর শহীদ আসিফ হাসান। তুমি স্মৃতিতে, তুমি প্রেরণায়; তোমায় ভুলিনি, ভুলব না।’

 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ আসিফ হাসানসহ জুলাই-আগস্ট আন্দোলনের সকল শহীদ ও আহতদের অসীম সাহসিকতাকে চির অম্লান করে রাখার লক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পক্ষ থেকে মিড-টার্ম পরীক্ষার পরপরই এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মৃত্যুবরণ করেন মো. আসিফ হাসান। এর মাধ্যমে তিনি এই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম শহীদ হওয়ার গৌরব অর্জন করেন।