ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করেছে যুক্তরাজ্য। শুক্রবার (১৭ জুলাই) দেশটির স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের নতুন জাতীয় নিরাপত্তা (রাষ্ট্রীয় হুমকি) আইন ২০২৬-এর অধীনে আইআরজিসি এবং ইরান সংশ্লিষ্ট ‘ইসলামিক মুভমেন্ট অব কমপ্যানিয়নস অব দ্য রাইট’কে (আইএমসিআর) দেশের নিরাপত্তায় হুমকি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে রাশিয়ার ‘জিআরইউ ভলান্টিয়ার কর্পস’কেও এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যে এই সংস্থাগুলোর যেকোনো কার্যক্রম বা তাদের সমর্থন সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনি। কেউ যদি সংগঠনগুলোর কার্যক্রমের প্রশংসা বা সমর্থন করে, তবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
এছাড়া এই সংস্থাগুলোর কাছ থেকে কোনো ধরনের আর্থিক বা বস্তুগত সুবিধা নিলে কিংবা তাদের সাহায্য করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধ সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
কোনো ব্যক্তি যদি এই সংস্থাগুলোর হয়ে নাশকতা, অগ্নিসংযোগ বা অন্যান্য শত্রুতামূলক কর্মকাণ্ড চালায়, তবে তাদের যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
নতুন এই আইনের পক্ষে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘যুক্তরাজ্যকে কোনো দেশের খেলার মাঠ হতে দেওয়া হবে না।’
তথ্যসূত্র: আল-জাজিরা এবং টেলিগ্রাফ