Image description

চলতি বছর চীনের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় (টাইফুন) ‘বাভি’ দেশটির পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে। প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ভূমিধস ও বন্যার ঝুঁকিতে দেশজুড়ে অন্তত ২৮ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন চীনের পূর্ব ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান শহরে আঘাত হানার পর মধ্যরাতে ওয়েনঝুর ইউয়েচিং এলাকা দিয়ে দ্বিতীয়বার স্থলভাগে প্রবেশ করে বাভি। রোববার সকালে এটি দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও এর প্রভাবে বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা আহতের কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সরিয়ে নেওয়া মানুষের মধ্যে ২২ লাখের বেশি ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা। ইউয়েচিংয়ে এক হাজার ৩০০টির বেশি গাছ উপড়ে গেছে বা ভেঙে পড়েছে। বিভিন্ন সড়কে পানি জমে ব্যাহত হচ্ছে যোগাযোগ। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

এর আগে টাইফুনটি তাইওয়ানে আঘাত হানে। সেখানে অন্তত ১৩৪ জন আহত হন। ঝড়ের কারণে দেশটিতে ১৩৭টি আন্তর্জাতিক ও ৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। চীনের ঝেজিয়াং ও সাংহাইয়েও শত শত ফ্লাইট ও ট্রেন চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে বাভি উত্তর ইয়েলো সাগরের দিকে সরে যেতে পারে। তবে এর প্রভাবে কয়েকটি প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।