ইরানের সঙ্গে হওয়া চুক্তি সম্পর্কে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, ওই চুক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ছিল এবং এ বিষয়ে ইসরায়েলের নিজস্ব স্বার্থ রয়েছে।
এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের নেতাদের হত্যা করেছে, দেশটির নিরাপত্তা কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং ইরানের পারমাণবিক হুমকি থেকে ইসরায়েলকে রক্ষা করেছে।
তিনি দাবি করেন, ইসরায়েল ও তার জনগণের ধ্বংসের ঝুঁকি প্রতিহত করা হয়েছে এবং দেশটিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা হয়েছে। তবে এ লড়াই এখনো শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
লেবানন প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ যেসব গুরুত্বপূর্ণ এলাকা থেকে ইসরায়েলের জন্য হুমকি তৈরি করত, সেসব এলাকার নিয়ন্ত্রণ তারা নিয়েছে। ইসরায়েলের সীমান্তে কোনো সন্ত্রাসী সংগঠনকে অবস্থান গড়ে তুলতে দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, তার এবং ট্রাম্পের মধ্যে মাঝে মধ্যে মতপার্থক্য হয়।
ইরান চুক্তি সম্পর্কে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া চুক্তির বিস্তারিত বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে চুক্তিটি ট্রাম্পের উদ্যোগে হয়েছে এবং এটি তার সিদ্ধান্ত ছিল।
নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের নিজস্ব স্বার্থ রয়েছে এবং সেই স্বার্থ বিবেচনায় নিয়েই দেশটি পদক্ষেপ গ্রহণ করবে।
লেবাননে ইসরায়েলের অবস্থান নিয়ে তিনি বলেন, দেশটি লেবাননের বাফার জোনে অবস্থান অব্যাহত রাখবে। পাশাপাশি সামরিক অভিযানের স্বাধীনতা বজায় রাখা এবং তা অব্যাহতভাবে ভোগ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসরায়েল।