Image description

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ জন বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে দুই সিরীয় ও দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, একটি ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বার আল-মাশাল এলাকায় দুই দফায় বিমান হামলা চালিয়েছে।

এনএনএ আরও জানিয়েছে, নাবাতিয়েহ জেলার জেবচিত ও আরনুন শহরেও বিমান হামলা ও বোমাবর্ষণ করে ইসরায়েল।

 
 
 

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও লেবাননের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাল্টা জবাবে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

 
 

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি বলেছেন, লেবাননের প্রধান দাবি হলো ইসরায়েলি সেনাদের যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে যেতে হবে।

 

তিনি আরও বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা তাদের প্রতিরোধের ফল খুব শিগগিরই দেখতে পাবেন। লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন করা সব মুসলমানের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, সব মুসলিম দেশ ঐক্যবদ্ধ থাকলে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়া সম্ভব।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৫২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ হাজার ৭৩৩ জন।

সূত্র : আল জাজিরা