Image description

আলোচনা সভায় বক্তব্যের সুযোগ না পেয়ে অসৌজন্যমূলক আচরণের দায়ে আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে ‘বিদ্রোহী’ পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান।

 

গত ৩১ মে মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে উপস্থিত নেতাদের সামনে আফসান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও আক্রমণাত্মক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

দায়িত্বশীল পদে থেকে প্রকাশ্য কর্মসূচিতে এমন আচরণ দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সংস্কৃতির পরিপন্থি এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে বুধবার মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তাকে সংযত আচরণ করার আহ্বান জানায় বিএনপি নেতৃত্ব।

এই কঠোর সতর্কবার্তা পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার (৪ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে কবি কাজী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে আফসান লেখেন- ‘বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝি না মাথা উঁচু করে তা বুঝি না বলা।’

স্বাধীনমনা ও সত্যবাদী মনোভাব প্রকাশের জন্য ব্যবহৃত কবিতার এই চরণ দুটোকে কেন্দ্র করে আফসানের সমর্থকরা বিষয়টিকে ‘নির্ভীক ও সত্যবাদী উচ্চারণ’ হিসেবে দেখছেন এবং অন্যদিকে সমালোচকরা এটিকে ‘দলীয় শৃঙ্খলার বেড়াজাল উপেক্ষা’ বলে আখ্যায়িত করছেন।