Image description

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দেশের উত্তরাঞ্চলীয় বন্দর এবং প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে বিকল্প বাণিজ্য করিডোর সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে তিনি নির্দেশ দিলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সরবরাহ ত্বরান্বিত করা এবং বিকল্প আমদানি পথের ব্যবস্থাপনা নিয়ে শুক্রবার অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে দেশটির অর্থমন্ত্রী, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাজারের স্থিতিশীলতা রক্ষা এবং সরবরাহ শৃঙ্খল বজায় রাখার জন্য দেশের রসদ, বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতির সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসী যুদ্ধের পর কিছু দক্ষিণাঞ্চলীয় প্রবেশপথে আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ এবং প্রয়োজনীয় উপকরণের সরবরাহ ও আমদানি সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এই বৈঠকে।

পেজেশকিয়ান ইরানের উত্তরাঞ্চলীয় বন্দরগুলোর সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার, বিকল্প বাণিজ্য করিডোর তৈরি এবং কিছু প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও আমদানির জন্য পাকিস্তান, রাশিয়া ও আজারবাইজানসহ প্রতিবেশী দেশগুলোর সক্ষমতা কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করারও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

জনগণের চাহিদা পুরণে যেন কোনো সমস্যা না হয় না তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট বলেন, অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধ ক্রয়, পরিবহন, ছাড়পত্র এবং প্রবেশ সহজতর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেশের অর্থনৈতিক কূটনীতির সক্ষমতা আরো সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে।

ইরানি প্রেসিডেন্ট জানান, এসব পণ্য সরবরাহ এবং স্থানান্তরের পথে সম্ভাব্য বাধাগুলো যত দ্রুত সম্ভব দূর করতে প্রতিবেশী দেশ ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি