Image description

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে মানব দেহের ছড়িয়ে-ছিটিয়ে থাকা খণ্ডিত অংশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গজারিয়ার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে আজ শনিবার ভোরে উদ্ধার করা হয় এসব অংশ।

ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাউশিয়া এলাকায় বিচ্ছিন্ন হাত-পা ও থেতলানো মাথা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সেসব পরে উদ্ধার করে টহল পুলিশ। মরদেহটি পঞ্চাশোর্ধ্ব নারীর বলে ধারণা ওসির। মরদেহের বাকি অংশ এখনও পাওয়া যায়নি।

সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে থাকতে পারেন এই নারী, প্রাথমিকভাবে এটিও ধারণা ওসি কামালের। জানালেন, মরদেহের পরিচয় শনাক্তে ও ঘটনা তদন্তে মুন্সীগঞ্জ যাচ্ছে পিবিআই- এর একটি টিম।