ইরাকের কুর্দিস্তানে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) স্থানীয় সময় ভোররাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি বাসের চাপায় তারা মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন— জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের বড় ছেলে মনোহর আলী (৩৫) এবং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে বজলুর রহমান (৪০)। তারা দুজনেই কুর্দিস্তানের একটি কনফেকশনারি কারখানায় কর্মরত ছিলেন।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে মনোহর আলী চার বছর আগে এবং বজলুর রহমান প্রায় দেড় বছর আগে ইরাকে পাড়ি জমান। প্রতিদিনের মতো কারখানার কাজ শেষ করে আজ ভোরে তারা হেঁটে বাসায় ফিরছিলেন।
দুপুরে ঘুঘুমারী এলাকায় মনোহর আলীর বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। কান্নাজড়িত কণ্ঠে মনোহর আলীর স্ত্রী সোমা আক্তার বলেন, ‘গত রবিবার বিকেলে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে উপজেলার দুই প্রবাসী নিহতের খবর জেনেছি। বিষয়টি নিয়ে খোঁজখবর রাখা হচ্ছে।’