Image description

ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্ষতিগ্রস্ত অংশকে জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনা করেছে ইরান সরকার। এমনটাই জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,  ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রধান জাফরুল্লাহ কালান্তারি বলেন, ‘বর্তমান ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের এলাকাটিকে একটি যুদ্ধ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে, যা দেশের ইতিহাসে বৈজ্ঞানিক নিপীড়নের একটি দলিল হিসেবে সংরক্ষিত হয়ে থাকবে।’ 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ ও আধুনিক সরঞ্জাম সরবরাহের জন্য আলাদা জমি বরাদ্দ করা হয়েছে।

 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও স্থাপনায় প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ ডলার। 

ইসফাহানের এই বিশ্ববিদ্যালয়টি ইরানের অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। 

গত মার্চ মাসে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়, যা পরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেহরানসহ ইরানজুড়ে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, আবাসিক এলাকা ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।