Image description

ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও নিয়ন্ত্রণ মোকাবিলায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’র নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 'মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট' (Maritime Freedom Construct) নামক এই বিশেষ উদ্যোগটি যৌথভাবে পরিচালনা করবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল কমান্ড।

মূলত সমুদ্রপথে তথ্য আদান-প্রদান, কূটনৈতিক সমন্বয় এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো আরও কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই জোট গঠন করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের কড়াকড়ি ও হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন এই পদক্ষেপ নিল।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট যে, ওয়াশিংটন এখন আর এককভাবে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না। বিশেষ করে ইরানের সাথে চলমান সংঘাত নিয়ে ন্যাটোভুক্ত দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের নীতিগত দূরত্বের কারণে আন্তর্জাতিক অংশীদারিত্ব এখন ওয়াশিংটনের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

এই জোট গঠনের মাধ্যমে হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সরবরাহের প্রধান এই পথটিকে ইরানমুক্ত বা সুরক্ষিত রাখার চেষ্টা করছে মার্কিন প্রশাসন।