Image description

দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, যদি ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধকৃত ৪০০ কেজি ইউরেনিয়াম দেশটি থেকে বের করে না নিয়ে আসা যায় তাহলে এ যুদ্ধ হবে এক বড় ব্যর্থতা।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইরানের কাছে থাকা বর্তমান ইউরেনিয়াম ১১টি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত।

নাম প্রকাশ না করা ইসরায়েলের সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির মাধ্যমে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে কিছু না থাকে তাহলে ৪০ দিনের যুদ্ধ পুরোটাই বৃথা যাবে।

তিনি বলেছেন, “যদি পারমাণবিক লক্ষ্য অর্জন না করা যায়, তাহলে আমরা ইরানে যা করেছি তা হবে এক বড় ব্যর্থতা। ইরানের সরকার পরে ওই ইউরেনিয়াম কাজে লাগানোর জন্য ওঠেপড়ে লাগবে।”

এ দখলদার হুমকি দিয়ে বলেছেন যদি আলোচনার মাধ্যমে ইউরেনিয়ামগুলো ইরান থেকে বের করে না আনা যায় তাহলে তারা আবারও ইরানে হামলা চালাবেন।

তিনি বলেছেন, “যদি কূটনৈতিকভাবে ইরান থেকে ইউরেনিয়াম নিয়ে আসা যায়, তাহলে আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি। কিন্তু যদি এটি না হয় তাহলে ইসরায়েলকে লক্ষ্য অর্জনে ইরানে আরেকবার হামলা চালাতে হবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল