ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিন-দেশীয় সফরের অংশ হিসেবে ওমানে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে সফরের প্রথম ধাপে পাকিস্তান সফরকে তিনি “অত্যন্ত ফলপ্রসূ” বলে উল্লেখ করেন।
আরাঘচি বলেন, পাকিস্তানের “আমাদের অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার ভ্রাতৃত্বপূর্ণ প্রচেষ্টা” ইরান অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচনা করে।
তবে কূটনৈতিক উদ্যোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি লেখেন, “যুক্তরাষ্ট্র কূটনীতি নিয়ে সত্যিই আন্তরিক কিনা, তা এখনও দেখা বাকি।”
আরাগচি এমন এক সময়ে এ মন্তব্য করলেন, যার কিছুক্ষণ আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি দলের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় আজ শনিবার সকালে তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ খবর জানান।
সূত্র: আল-জাজিরা