যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদ সফরের কথা ছিল তার। তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সফর বাতিল করল হোয়াইট হাউস। ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার বিষয়টি আরও ঘনীভূত হলো।
মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার আলোচনার প্রস্তাবে তেহরান সাড়া দিতে ব্যর্থ হওয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর স্থগিত করা হয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ভ্যান্সের সফরটি স্থগিত করা হয়েছে। দ্বিতীয় দফার শান্তি আলোচনাটি মঙ্গলবার শুরু হওয়ার কথা ছিল।
ইরান এই শর্তগুলো পূরণ করলে সফরটি পুনরায় শুরু হতে পারে। কিন্তু হোয়াইট হাউস এমন একটি সংকেতের অপেক্ষায় আছে যে, ইরানের আলোচকরা একটি চুক্তিতে স্বাক্ষর করতে ইচ্ছুক।
সিএনএন জানিয়েছে, ইরান শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তান সফরের পরিকল্পনা অনিশ্চিত থাকা সত্ত্বেও ভ্যান্স মঙ্গলবার বিকেলে বিভিন্ন বৈঠকে যোগ দিতে হোয়াইট হাউসে পৌঁছেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্সের সকালে ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনার জন্য কর্মকর্তারা বৈঠকে বসায় তার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
ভ্যান্সের পৌঁছানোর কিছুক্ষণ পরেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও হোয়াইট হাউসে পৌঁছান। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রায় ৫০ মিনিট আগেই ওয়েস্ট উইংয়ের প্রবেশপথে আসতে দেখা যায় বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।