ওমান উপসাগরে ইরানের পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জবাবে মার্কিন জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরান বলছে, কার্গো জাহাজ আটক করে জলদস্যুতা করেছে যুক্তরাষ্ট্র। এটা যুদ্ধ ঘোষণার শামিল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামীকাল (বুধবার)। এর আগেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইসলামাবাদে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তারা বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন চালালে ইরানও জবাব দিতে প্রস্তুত। গতকাল ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে ‘তুসকা’ নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক আছে। জাহাজটি প্রায় ৯০০ ফুট লম্বা। এর ওজন একটি বিমানবাহী রণতরির প্রায় সমান। বিশাল এই কার্গো জাহাজ মার্কিন নৌ অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। তখন ওমান উপসাগরে গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন রণতরি ‘ইউএসএস স্প্রুয়েন্স’ এর পথরোধ করে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জাহাজটিকে থামতে প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু ইরানি নাবিকেরা সেই নির্দেশ মানেননি। এরপর মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিনরুমে হামলা চালায়। এতে সেখানে বড় গর্ত তৈরি হয় এবং জাহাজটি পুরোপুরি থেমে যায়। কার্গো জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক রয়েছে। জাহাজটিতে কী মালামাল আছে, তা তল্লাশি করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, অতীতে নানা বেআইনি কাজে জড়িত থাকার ইতিহাস রয়েছে তুসকার।
এ কারণে আগে থেকেই জাহাজটির ওপর মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে। জবাবে ওমান উপসাগরে মার্কিন সামরিক জাহাজ নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও থাকবেন। তবে তেহরান এখনো আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকা অবস্থায় ইরানি কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন না। হরমুজে জাহাজের স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান শি জিনপিংয়ের : হরমুজ প্রণালি দিয়ে জাহাজের স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে চীনের প্রেসিডেন্ট বলেন, চীন সর্বাত্মক যুদ্ধবিরতির পক্ষে। এ ছাড়া তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের ওপর জোর দেন।