ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সেখানে জামায়াতে ইসলামী থেকে ৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে ১ জন করে। একই সঙ্গে একজন জুলাই শহীদের মাকেও নমিনেশন দেওয়া হয়েছে। গতকাল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যর সমন্বয়ক ড. এ এইচ হামিদুর রহমান আযাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের ১৩টি আসনের ৮টিতে আমরা দল থেকে প্রার্থী দিয়েছি। জোটের স্বার্থে ৫টি আসন ছেড়েছি। সেখানে একজন জুলাই শহীদের মা রয়েছেন।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৭টি আসন পেয়েছে বিরোধী জোট। এর মধ্যে জামায়াতে ইসলামী ৬৮, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২ এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করে। জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি।
সংখ্যানুপাতিক হারে সরকারি দল বিএনপি জোট ৩৬ এবং বিরোধী জোট ১৩টি আসন পাচ্ছে। এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যরা মিলে পাচ্ছেন ১টি আসন। জামায়াতের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও নারী অধিকার আন্দোলন সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের প্রচার বিভাগের সেক্রেটারি নাজমুন নাহার নীলু। এ ছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হাসান, বগুড়া অঞ্চল পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামসুন্নাহার বেগম। এ ছাড়া এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মনোনয়ন পেয়েছেন।