Image description

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যস্থতায় পাকিস্তানের ‘কার্যকর ভূমিকার’ জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও জানান, ইরানিরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

 

আলজাজিরা ও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, একটি যুদ্ধবিরতি নিশ্চিত করতে পাকিস্তানের মধ্যস্থতার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তিনি দেশটিকে ধন্যবাদ জানান।

 

এ ছাড়া তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মধ্যস্থতা প্রক্রিয়ায় এবং যুদ্ধবিরতি সহজতর করতে ‘কার্যকর ভূমিকা’ রাখার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে অভিনন্দন জানান।

 

একইসঙ্গে ইসলামাবাদে আলোচনা চলাকালীন ইরানি প্রতিনিধিদলকে আতিথেয়তা প্রদানের জন্য তিনি পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ইরান এই অঞ্চলে কোনো অস্থিরতা চায় না। ইরানিরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।