Image description

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের সেবিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে (৩২) দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সেখানে তিনি চিকিৎসাধীন সীমার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে বৃহস্পতিবার বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে তার সন্তান হয়।

মা ও নবজাতকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় নিয়ে আসা হয়। শিশুটিকে, শ্যামলী শিশু হাসপাতালে ও তার মাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, খবর পেয়েছি বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন রোগী বাচ্চা প্রসব করেছে। প্রসবের পর মায়ের অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়।

পরে আমাদের বিষয়টি জানালে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বাচ্চাটিকে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের অবস্থা বেশি খারাপ হওয়ায় ঢাকা মেডিক্যালের আইসিইউতে রাখা হয়েছে।

 

তিনি বলেন, প্রত্যেক মেডিক্যালের পরিচালকগণকে আগে থেকে বলা আছে, যে কোনো রোগী ক্রিটিক্যাল হলে আমাদের জানাতে।

যেন সেই রোগীর ঢাকায় এনে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারি। এ ছাড়া আমার এলাকার দুজন রোগী ভর্তি আছে। তাদের চিকিৎসা বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।

 

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপ-পরিচালক ডা. আশরাফুল আলমসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।