Image description

ইউক্রেনের জন্য ড্রোন ও সামরিক সরঞ্জাম তৈরির অভিযোগে যুক্তরাজ্যে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। হামলার লক্ষ্য হিসেবে চিহ্ণিত করা হয়েছে লন্ডন, লেস্টার, রিডিং ও সাফোকের মিলডেনহলসহ কয়েকটি শহর। এর মধ্যে রয়েছে ইউরোপের আরও কয়েকটি দেশের বেশ কিছু স্থাপনা।

যুক্তরাজ্যের সাফোক এলাকার মিলডেনহলে রয়েছে ইউক্রেনীয় ড্রোন কারখানা। রাশিয়ার দাবি, যুক্তরাজ্যের অন্য যে শহরগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলোও ইউক্রেনের জন্য ড্রোন বা সংশ্লিষ্ট যন্ত্রাংশ সরবরাহে জড়িত। এছাড়া জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্পেন, ইতালি, ইসরায়েল ও তুরস্কের কয়েকটি স্থাপনাকেও হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন বৃদ্ধি পুরো ইউরোপজুড়ে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।

তাদের ভাষ্য, ইউরোপীয় নেতাদের পদক্ষেপ ক্রমেই ইউরোপীয় দেশগুলোর সঙ্গে রাশিয়াকে যুদ্ধে টেনে নিচ্ছে।

ইউরোপের উদেশ্যে দেওয়া রাশিয়ার হুমকিকে আরও জোরালো করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

এক্স-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ইউরোপের যেসব স্থাপনায় ড্রোন ও অন্যান্য সরঞ্জাম তৈরি হয়, সেগুলোই হবে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু।’

তিনি আরও লেখেন, ‘এই হামলা কখন করা হবে, তা নির্ভর করছে ইউরোপীয় দেশগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর।

ইউক্রেনকে ১ লাখ ২০ হাজার ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর কয়েক দিনের মাথায় এলো এ হুমকি। এটিই এ পর্যন্ত ইউক্রেনের জন্য ব্রিটেনের সবচেয়ে বড় অস্ত্রসহায়তার ঘোষণা।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও সরকারের সাবেক সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা কর্নেল রিচার্ড কেম্প সতর্ক করে বলেছেন, এই হুমকিকে ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ নেওয়া উচিত।