Image description

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তিনি বিশ্বের মোট ১০টি যুদ্ধ সমাধান করেছেন বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক আলজাজিরার এক প্রতিবেদনে ট্রাম্প বলেন, ‘এটি সম্পন্ন করা আমার জন্য গর্বের বিষয় হবে।’

ট্রাম্প তার বার্তায় দাবি করেন, তিনি ইতোমধ্যে বিশ্বের ৯টি যুদ্ধ সমাধান করেছেন এবং এটিকে তার দশম সফল উদ্যোগ হিসেবে দেখতে চান।

 

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

ট্রাম্প বলেন, ‘এই দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’

লেবানন-ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরানসমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি তিনি। এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেই ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত চলছে।

 

এর আগে ট্রাম্প জানান, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।