Image description

বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে যান চলাচলে নিজেদের নিয়ন্ত্রণের পর এবার লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। 

বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নতুন করে এই হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল সদর দপ্তর খাতাম আল-আনবিয়ার কমান্ডার মেজর জেনারেল আলী আব্দোল্লাহি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, তাহলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

ফলে ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনও ধরনের আমদানি কিংবা রপ্তানি কার্যক্রম চলতে দেবে না।

 

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন তিনি।

এর আগে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজের ওপর সোমবার থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকরের ঘটনায় ওই হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, হরমুজ প্রণালি থেকে ইরানের কোনও বন্দরে যাওয়া-আসা করছে না এমন জাহাজের পথ আটকাবে না মার্কিন বাহিনী।