ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের মধ্যে হেনস্তা, হামলা ও উন্নয়ন কাজে বাধা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তন পৃথক সংবাদ সম্মেলনে উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে তারাকান্দায় গেলে মোতাহার হোসেন তালুকদার ও তার সমর্থকেরা তাকে হেনস্তা করেন এবং তার কর্মীদের ওপর হামলা চালান। এতে তার পক্ষের কয়েকজন আহত হন।
তিনি বলেন, ওই ঘটনার প্রতিবাদে বিকেলে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে সেখানেও বিএনপির কর্মীরা হামলা চালান। এতে আরও কয়েকজন আহত হন বলে দাবি করেন তিনি।
সংসদ সদস্যের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের পর থেকে মোতাহার হোসেন তালুকদার এলাকায় উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছেন এবং সরকারি কর্মকর্তাদেরও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাঁর ভাষ্য, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এসব ঘটনা ঘটছে। সংবাদ সম্মেলনে তিনি হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
এদিন বিকেলে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এমপির পক্ষ থেকেই পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে। মোতাহার হোসেন বলেন, নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রবেশের সময় সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যা অনিচ্ছাকৃত হতে পারে। পরে তিনি নিজেই সংসদ সদস্যকে অনুষ্ঠানস্থলে নিয়ে যান বলেও দাবি করেন।
এমপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, এমপির পক্ষের লোকজন ‘মুরগি জবাই করে রক্ত শরীরে লাগিয়ে’ হামলার নাটক সাজানোর চেষ্টা করেছেন।
উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে মোতাহার হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই তিনি এলাকায় কাজ করছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ আনা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নববর্ষ উপলক্ষে তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তন ও হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। এতে যোগ দিতে সেখানে যান সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানস্থলে প্রবেশকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি, ধাক্কাধাক্কি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।