Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ছয় সপ্তাহের যুদ্ধের মধ্যে অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনারা প্রায় সাড়ে ৯ লাখ গ্যালন কফি পান করেছেন। এছাড়া এই সময়ের মধ্যে তারা প্রচুর সিগারেট ও এনার্জি ড্রিংক পান করেছেন বলেও জানানো হয়েছে। বুধবার (৮ এপ্রিল) মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের এ তথ্য জানান। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, সাড়ে ৯ লাখ গ্যালন মানে প্রায় ৭৬ লাখ কাপ কফি।

 

বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণায় পর ইরানে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’র মধ্যে মার্কিন সেনাদের খাবার ও ক্যাফেইন গ্রহণের একটি পরিসংখ্যান তুলে ধরেন ড্যান কেইন। সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রায় ছয় সপ্তাহব্যাপী এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী প্রায় সাড়ে ৯ লাখ গ্যালন কফি এবং প্রচুর পরিমাণে নিকোটিন গ্রহণ করেছে।’

 

কেইন জানান, ওই সময়ের মধ্যে মার্কিন সেনারা ৬০ লাখ প্লেটের বেশি খাবার, ৩০ লাখ বোতল এনার্জি ড্রিংক ও প্রচুর পরিমাণ সিগারেট পান করেছে।’

 

মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেন, ‘এর মানে এই নয় যে আমাদের কফি বা অন্যকিছুর প্রতি আসক্তি আছে। এটি একটি কঠোর ও আপসহীন লড়াই। এটি বিশৃঙ্খল, উত্তেজনাপূর্ণ, অন্ধকারাচ্ছন্ন এবং এর প্রতিটি মোড় অনিশ্চিত। আমাদের যোদ্ধারা গর্বের সঙ্গে সেই অনিশ্চয়তাকে বরণ করে নিয়েছে। এই সবকিছুর মধ্য দিয়ে যৌথবাহিনী সেই সংকল্প প্রদর্শন করেছে, যা জাতি আমাদের কাছে প্রত্যাশা করে।’