Image description

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে সন্তুষ্ট নয় আবু সাঈদের পরিবার।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রায়ের পর রংপুরের পীরগঞ্জের বাবনপুরের জাফর পাড়ার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু সাঈদের বাবা-মা ও চাচাতো ভাই। তাদের অভিযোগ, মূলহোতাদের আড়াল করে ছোটদের শাস্তি দেওয়া হয়েছে।

 

আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘দুজনকে ফাঁসি আর তিনজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে—এতে আমি সন্তুষ্ট না। আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল। বিশেষ করে পমেল বড়ুয়া—সে আমার ছেলেকে মারধর করেছে, গলা চেপে ধরেছে। তার কঠিন শাস্তি হওয়া দরকার ছিল।’

 

আবু সাঈদের মা মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং যারা ইন্ধন দিয়েছে, তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়নি।

 

আবু সাঈদের চাচাতো ভাই ও মামলার সাক্ষী রুহুল আমিন বলেন, ঘটনার সময় প্রকাশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হলেও রায়ে তার প্রতিফলন পুরোপুরি আসেনি। মাত্র দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে—এটা সন্তোষজনক না। যারা সরাসরি জড়িত ছিল, তাদের অনেকেই কম সাজা পেয়েছে। আমরা পরিবার হিসেবে এ রায়ে সন্তুষ্ট না।

 

আবু সাঈদের পরিবারের প্রত্যাশা ছিল সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি হবে। তবে ঘোষিত রায়ে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি তাদের।