দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য এক অনন্য আয়োজন হতে যাচ্ছে—একই মঞ্চে উঠতে যাচ্ছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পীরা। সাংস্কৃতিক ভিন্নতা পেরিয়ে সুরের বন্ধনে তিন দেশের এই মিলনমেলা এরই মধ্যে সংগীতাঙ্গনে তৈরি করেছে বাড়তি উত্তেজনা। আগামী ২৪ এপ্রিল রাজধানীর কোর্টসাইড মাদানী অ্যাভিনিউতে ‘ইন্ডি ফেস্ট’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে এক মঞ্চে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের শিল্পীরা গান পরিবেশন করবেন। কনসার্টটি আয়োজনে আছে টোয়েন্টিস কমিউনিকেশনস ও মাইকড্রপ এক্সপেরিয়েন্সিয়ালস।
টোয়েন্টিস কমিউনিকেশনসের ম্যানেজিং ডিরেক্টর এমডি ফারহান ইশরাক হক এশিয়া পোস্টকে বলেন, ‘সংগীত এমন এক শক্তি, যা ভৌগোলিক সীমারেখা মানে না। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীদের একত্রে নিয়ে আসার মূল উদ্দেশ্যই হলো—সুরের মাধ্যমে মানুষের মধ্যে বন্ধন তৈরি করা।’
এরপর অতিথিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শ্রোতাদের নিরাপদ ও সুন্দর একটি গানের সন্ধ্যা উপহার দেওয়া। নিজেদের ব্যস্ত সময় থেকে তারা যে পছন্দের শিল্পীদের গান শুনতে আসবেন তাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে নজর দেওয়া। তারা যেন ভালো একটি মুহূর্ত তাদের জীবনে ধারণ করতে পারে, সে জন্য সবকিছু ঠিকঠাক রাখা। এ ছাড়া কনসার্টের শিরোনাম ‘ইন্ডি ফেস্ট’ দেওয়ার কারণ হচ্ছে—আমরা ট্রাইনেশন একটি মিউজিক ফেস্ট আয়োজন করার চেষ্টা করছি। আমাদের তিন দেশের যে কালচার তা এক জায়গায় করে শ্রোতাদের স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে চাচ্ছি।’
কনসার্টটিতে কয়েক ধরনের টিকিট রাখা হয়েছে—আর্লি বার্ড টিকিট (১৪ তারিখ পর্যন্ত পাওয়া যাবে) ১৭০০ টাকা এবং প্রিমিয়াম ৩০০০ টাকা। সাধারণ টিকিট ১৯০০ টাকা এবং প্রিমিয়াম ৩২০০ টাকা।
এই কনসার্টে পাকিস্তান থেকে আব্দুল হান্নান ও ব্যান্ড বায়ান সংগীত পরিবেশন করবে। ভারত থেকে ব্যান্ড তালপাতার সেপাই এবং বাংলাদেশের হয়ে মঞ্চ মাতাবে লেভেল ফাইভ।
সব মিলিয়ে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের শিল্পীদের এক মঞ্চে এনে এই আয়োজন শুধু একটি কনসার্টই নয়; বরং সুরের মাধ্যমে সীমান্ত পেরোনো এক আবেগের গল্প হয়ে উঠতে যাচ্ছে।