Image description

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েত নগরে গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১১ বছর বয়সি এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানার এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধরা হলেন, ইমরান (১১), রাকিব (২৫) এবং রফিক (৪০)। তাদের মধ্যে শিশু ইমরানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্য দুজন শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ‘বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গোলাগুলিতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

 

গুলিবিদ্ধ রাকিব বলেন, আমি সেখানে ইট-বালুর ব্যবসা করি। বিএনপির দুই গ্রুপ জুট নামানোকে কেন্দ্র করে গোলাগুলি করেছে।

 

অভিযোগ রয়েছে, ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার পক্ষ ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির পক্ষ এই সংঘর্ষে জড়ায়।

 

জানতে চাইলে হোসেন খোকা বলেন, আমার ইউনিয়ন নেতাদের নিয়ে মালিকের সঙ্গে কথা বলতে যাই। আমাকে দেখে মশিউর রহমান রনির লোকজন গুলি চালিয়েছে।

 

মশিউর রহমান রনির ফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি সময় চেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।