যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকে রাখা ইউরোপের বিভিন্ন দেশের স্বর্ণ ধীরে ধীরে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে ফ্রান্স তাদের সব স্বর্ণ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বলে জানা গেছে।
আমেরিকান সংবাদমাধ্যমে নিউজউইক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা অবশিষ্ট ১২৯ টন স্বর্ণ বিক্রি করে দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে এটির সমপরিমাণ নতুন স্বর্ণ কিনে প্যারিসে সংরক্ষণ করেছে।
ফ্রান্স কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং স্বর্ণের রিজার্ভকে আধুনিক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়।
এদিকে, জার্মানিও তাদের স্বর্ণের বড় একটি অংশ নিজ দেশে ফিরিয়ে এনেছে। ফলে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় স্বর্ণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।
মূলত বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং নিরাপত্তা বিবেচনায় ইউরোপের দেশগুলো নিজেদের স্বর্ণ নিজ দেশে ফিরিয়ে আনার দিকে ঝুঁকছে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের অনেক দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লে আমেরিকা তাদের সহায়তা দেয়। বিনিময়ে যুক্তরাষ্ট্রে স্বর্ণ জমা রাখতে শুরু করে তারা, যা পরবর্তীতে ফেডারেল রিজার্ভ ব্যবস্থার অংশ হয়ে ওঠে।