Image description

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ওয়াশিংটনের উচিত ‘চূড়ান্ত হুমকির ভাষা’ পরিত্যাগ করে আবার আলোচনায় ফিরে আসা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ কথা বলেছেন বলে তার দপ্তর জানিয়েছে।

লাভরভের এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক কড়া ভাষার পোস্টে ইরানকে হুমকি দেওয়ার পর। ওই পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে।

মস্কো থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আব্বাস আরাগচির সঙ্গে লাভরভের আলোচনায় ‘ইরানকে ঘিরে উত্তেজনা কমাতে বিভিন্ন দেশের নেওয়া প্রচেষ্টা সফল হবে’, এমন আশা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই প্রচেষ্টা তখনই সহজ হবে ‘যদি যুক্তরাষ্ট্র চূড়ান্ত হুমকির ভাষা পরিত্যাগ করে এবং পরিস্থিতিকে আবার আলোচনার পথে ফিরিয়ে আনে।’

লাভরভ ও আরাগচি ওয়াশিংটনকে ‘বেসামরিক অবকাঠামোর ওপর অবৈধ হামলা’ বন্ধ করারও আহ্বান জানান। যেমন বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যেখানে রুশ কর্মীরা প্রযুক্তিগত কাজে নিয়োজিত রয়েছেন।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র ওই স্থাপনার কাছে আঘাত হানার পর শনিবার মস্কো সেখানে থাকা ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়া শুরু করে।

সূত্র: টিআরটি