Image description

ইরানের ওপর চলমান আগ্রাসনের মুখে তেহরানকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য ইরাকের জনগণ এবং ধর্মীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতাবা আলি খামেনি। রবিবার (২৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। তবে এই বার্তাটি ঠিক কীভাবে বা কোন মাধ্যমে পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার স্ত্রী এবং পুত্র নিহত হন। একই হামলায় গুরুতর আহত হন মোজতাবা খামেনিও। এরপর দায়িত্ব গ্রহণের তিন সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হলেও তিনি এখনো প্রকাশ্যে আসেননি বা সরাসরি তার কোনো বক্তব্য শোনা যায়নি।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে তার দুটি লিখিত বিবৃতি প্রচার করা হয়েছিল। তবে দীর্ঘ সময় প্রকাশ্যে না আসায় তার আঘাত কতটা গুরুতর, তা নিয়ে বিভিন্ন মহলে নানামুখী জল্পনা-কল্পনা ও গুঞ্জন আরও জোরদার হচ্ছে।