Image description

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার ফলে আগের পারমাণবিক আলোচনার ভিত্তি এখন আর প্রাসঙ্গিক নেই বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রস হ্যারিসন।

তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মূল ভিত্তি ছিল পারস্পরিক স্বার্থ। যেখানে যুক্তরাষ্ট্র চাইত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে, আর ইরান চাইত নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক সুবিধা। তবে চলমান যুদ্ধ সেই ভারসাম্য নষ্ট করেছে।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিসন বলেন, ‘এখন তারা হামলার শিকার হয়েছে, ফলে খেলার নিয়ম বদলে গেছে। জেনেভায় আগের আলোচনার ভিত্তিতে আবার চুক্তিতে পৌঁছানো এখন আর যুক্তিযুক্ত নয়।’

তিনি আরো বলেন, এই সংঘাতের ফলে ইরানের অবস্থান পরিবর্তিত হয়েছে এবং তারা নতুন বাস্তবতার ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলেরও এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করেছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালে ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলা শুরু হয়, যা বর্তমান যুদ্ধের সূচনা করে।

টার্গেট করে হত্যাকাণ্ডের কৌশল সম্পর্কে হ্যারিসন বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড বরং ইরানের অবস্থানকে আরো কঠোর করে তোলে—এটা আমরা আগেও দেখেছি।’