টানা ২ সপ্তাহের বেশি আকাশপথে বোমাবর্ষণ করে ইরানকে দমাতে ব্যর্থ হয়ে এবার সরাসরি স্থল অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ নিয়ে রওয়ানা দিয়েছে আড়াই হাজার দুর্ধর্ষ মার্কিন মেরিন সেনা; যারা জলে ও স্থলে যুদ্ধে সমান পারদর্শী। তারা সরাসরি ইরানি ভূখণ্ড বা কৌশলগত কোনো দ্বীপে হানা দিতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, অবরুদ্ধ হরমুজ প্রণালি মুক্ত ও নিরাপদ করতে আরও অনেক দেশ যুদ্ধ জাহাজ পাঠাবে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে এক দীর্ঘমেয়াদি ও রক্তক্ষয়ী সম্মুখ সমরের চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পেন্টাগন জানিয়েছে, জাপানের ওকিনাওয়া থেকে ‘৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট’র প্রায় ২ হাজার ৫০০ মেরিন সেনা এখন মধ্যপ্রাচ্যের পথে। বিশালাকার উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’তে করে এই সেনা দলকে পাঠানো হচ্ছে। তবে এই মার্কিন রণসজ্জার বিপরীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও (আইআরজিসি) তাদের উপকূলে ‘ফাতাহ’ হাইপারসনিক মিসাইল ও ড্রোন মোতায়েন করে সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন বুট ইরানের মাটি ছুঁলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ শুধু মেরিন সেনাদের বহন করে না, বরং সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত সেনা নামানোর যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা এতে রয়েছে। মেরিন সেনারা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া থেকে শুরু করে প্রয়োজনে ইরানের কোনো নির্দিষ্ট ভূখণ্ড দখল করার মতো অভিযানেও অংশ নিতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান হামলার মুখে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং ৫ হাজার মেরিন সেনা পাঠানোর যে অনুরোধ করেছিল, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তা অনুমোদন করেছেন। তারই অংশ হিসাবে প্রথম দফায় অর্ধেক মেরিন সেনা অভিযানে যুক্ত হচ্ছে। হেগসেথ বলেছেন, ইরান বর্তমানে ‘চরম হতাশায়’ ভুগছে এবং তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করতে দেবে না যুক্তরাষ্ট্র। হেগসেথ বলেন, আমাদের কাছে প্রতিটি পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা রয়েছে। আমরা কোনোভাবেই বাণিজ্যিক পণ্য চলাচলে বিঘ্ন ঘটতে দেব না।
এদিকে টানা ১৫ দিনের যুদ্ধে ২২৮৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইরানে সবচেয়ে বেশি ১৪৪৪ জন, লেবাননে ৭৭৩ জন, ইসরাইলে ১৪ জন, মার্কিন সেনা ১১ জন, ইরাকে ২৬ জন, ওমানে ৩ জন, কুয়েতে ৬ জন, সৌদি আরবে ২ জন, বাহরাইনে ২ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ৬ জন রয়েছেন।
আবুধাবি ও দুবাইয়ের বন্দর খালি করার আহ্বান ইরানের : সংযুক্ত আরব আমিরাতের জনগণকে দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর ও ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে ‘অবিলম্বে’ সরে যাওয়ার অনুরোধ করেছে তেহরান। ইরান বলছে, এসব বেসামরিক স্থাপনার আড়ালে মার্কিন বাহিনী আত্মগোপন করে থাকায় এগুলো এখন ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’।
খারগ দ্বীপে মার্কিন হামলা, তেল রপ্তানি অব্যাহত দাবি ইরানের : ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড খারগ দ্বীপে হামলার ভিডিও প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে প্রকাশিত এ ভিডিওতে দেখা গেছে, দ্বীপে মার্কিন হামলায় বিমানবন্দর ও রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওজুড়ে বড় ধরনের বিস্ফোরণ ও কালো ধোঁয়া উঠতেও দেখা গেছে। তবে ইরান দাবি করেছে, মার্কিন হামলার পরও দ্বীপটি থেকে তেল রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে।
সৌদি আরবে ৫টি মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত : সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর পাঁচটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) উড়োজাহাজ ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
আমিরাত, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি এবং বাহরাইন ও কুয়েতের তিনটি সামরিক ঘাঁটিতে টানা কয়েক দফা হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। আইআরজিসির নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি এ তথ্য জানিয়েছেন। আলিরেজা দাবি করেন, এই হামলায় প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান ও যুদ্ধবিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাংক নিশানা করা হয়েছে।
ইরানে ৬ মাসের শিশুসহ এক পরিবারের নিহত ৬ : ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় শনিবার ৬ মাস বয়সি এক শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। ইরানের দাবি, আবাসিক এলাকায় এ হামলা করা হয়েছে।
মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়।
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা : ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে শনিবার ড্রোন হামলা হয়েছে। এএফপিকে একজন কর্মকর্তা বলেন, একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে। ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যে ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন পাঠাল যুক্তরাষ্ট্র : মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকোল এ তথ্য জানিয়েছেন।
আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারব না-মার্কিন সিনেটর : মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের একটি গোপন ব্রিফিংয়ের পর বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমরা ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারব না। তিনি বলেন, আমি যুদ্ধ সম্পর্কিত ২ ঘণ্টার একটি গোপন ও রুদ্ধদ্বার বৈঠক থেকে বের হয়ে এসেছি। এই বৈঠক শুধু এটিই নিশ্চিত করেছে যে, এই যুদ্ধ সম্পূর্ণ বিশৃঙ্খল এবং এতে কোনো সমন্বয় নেই।