Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ব্যানারে ‘গণঅভ্যুত্থান ও অগ্রযাত্রার রাজনীতি: সংবিধানিক বৈধতার প্রবেশ এবং সংকটের পথে দেশ’ শীর্ষক একটি সেমিনার আয়োজনকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। এ বিষয়ে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু অভিযোগ করেছেন, গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে আনুষ্ঠানিক সভা ছাড়াই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

‎‎স্ট্যাটাসে ভিপি জিতু বলেন, “জাকসু একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যেখানে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও মতামত থাকা উচিত। কিন্তু সম্প্রতি জাকসুর ব্যানারে একটি সেমিনার সংক্রান্ত ফটোকার্ড প্রকাশ করা হয়েছে, যা উদ্বেগজনক।”

‎তিনি দাবি করেন, এ আয়োজনের বিষয়ে জাকসুর কোনো আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়নি এবং সদস্যদের সঙ্গে ন্যূনতম আলোচনাও করা হয়নি। গেস্ট নির্বাচন, বাজেট নির্ধারণ, সময়সূচি চূড়ান্তকরণ কিংবা আয়োজনের উদ্দেশ্য কোনো বিষয়েই সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রমাণ নেই।

এছাড়া তিনি জানান, বিষয়টি নিয়ে জাকসুর সহ-সভাপতি ও সভাপতির সঙ্গেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি প্রচারণা শুরুর আগ পর্যন্ত তিনি নিজেও এ বিষয়ে অবগত ছিলেন না এবং সভাপতিকেও অবহিত করা হয়নি।
‎ভিপি জিতুর ভাষ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে, যা জাকসুর গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

‎তিনি আরও বলেন, জাকসুর ব্যানারে কোনো আয়োজন করতে হলে অবশ্যই গঠনতন্ত্র মেনে সকল সদস্যকে নিয়ে সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টরা নিজেদের দলীয় ব্যানারে এ ধরনের আয়োজন করতে পারেন।‎

সবশেষে জাকসুর মতো একটি ঐতিহ্যবাহী ও প্রতিনিধিত্বশীল সংগঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানান ভিপি জিতু।

উল্লেখ্য, জাকসুর ব্যানারে প্রকাশিত ফটোকার্ডে দেখা যায়, উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সাইফ মোস্তাফিজ, মাজহারুল ইসলাম, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সাদিক কায়েম, মণিকা শারমিন, জাহিদ আহসান ও জাহিদুল ইসলাম।

‎এ সেমিনারটি আগামী ৯ এপ্রিল বিকেল ৩টায় জাহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।