বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগকে কেন্দ্র করে ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের দিন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে আটকে রাখার অভিযোগ ওঠে। বিষয়টি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের জানালে তারা ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানান।
কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং ইংরেজি বিভাগের অভিযুক্ত শিক্ষার্থী মুসাকে মারধর করা হয়। এতে তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। এরপর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, আমাদের বিভাগের জুনিয়র এক মেয়েকে র্যাগিংয়ের কায়দায় উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেয় মুসা। মেয়েটি রাজি না হওয়ায় তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে শিক্ষার্থীরা ভিসি গেটের কাছে জড়ো হলে ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের এক শিক্ষার্থী হঠাৎ হাত চালায়। এতেই হাতাহাতির সূত্রপাত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ জানান, খবর পেয়ে সহকারী প্রক্টররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তিনি নিজেও পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হচ্ছেন।