অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় আলভীর পাশাপাশি তিথিকেও দায়ী করছেন নেটিজেনরা। সামাজিকমাধ্যমে কটাক্ষের পাশাপাশি তাকে হুমকিও দেওয়া হচ্ছে। তাই এবার পরিবার ও নিজের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট এক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন তিথি।
এই অভিনেত্রী জানান, সাইবার বুলিং, অনলাইন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার এবং তাঁর পরিবারকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে তিনি এই জিডি করেছেন। তাঁর অভিযোগ, পরিবারের সদস্য ও তাঁকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে অপমানজনক বক্তব্য দেওয়া হচ্ছে। হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া অনুমতি ছাড়াই তিথির ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমনকি তাঁর বাসার ঠিকানাও জনসমক্ষে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তাঁর ও পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন এই অভিনেত্রী।
তিথি জানান, পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাঁদের কাছে জমা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তিথি বলেন, ‘আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেব না।’
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। এরপরই গুঞ্জন ওঠে আলভী-তিথির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে। রয়েছে! ফলে নেটিজেনরাও নানাভাবে আলভী-তিথির ওপর ক্ষোভ ঝাড়তে থাকেন।