সড়কে যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন ‘লক্কড়ঝক্কড়’ বাস উল্লেখ করে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, এসব বাস যাতে রাস্তায় নামতে না পারে সে জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ফিটনেসবিহীন বাস হাইওয়েতে নষ্ট হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাই গতবারের মতো এবারও লক্কড়ঝক্কড় বাস মেরামতের জায়গাগুলোতে নজরদারি চালানো হবে।
আসন্ন ঈদে ঢাকার মানুষের যাতায়াত সহজ করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি লেন এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া সড়ক পর্যন্ত একমুখী যান চলাচল চালুর সম্ভাবনাও রয়েছে।
এছাড়া ঢাকা বাইপাস সড়ক সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।
যাত্রীদের সহায়তার জন্য বাস টার্মিনালগুলোতে ‘হেল্পডেস্ক’ স্থাপনের অনুরোধ জানান ডিএমপি কমিশনার। সেখানে বাসের ভাড়ার তালিকা টাঙিয়ে রাখা এবং কোনো বাসের শিডিউল বিপর্যয় হলে তা দ্রুত যাত্রীদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
টার্মিনালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি কর্পোরেশনের সহযোগিতাও চাওয়া হয়েছে।
ঈদযাত্রা নিরাপদ করতে টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মোতায়েন থাকবে।
এছাড়া সন্দেহভাজন বস্তু তল্লাশিতে ডগ স্কোয়াড এবং বিশেষ পরিস্থিতিতে SWAT টিম প্রস্তুত থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে অশ্বারোহী পুলিশও দায়িত্ব পালন করবে।
ডিএমপি কমিশনার বাস মালিক ও শ্রমিক সংগঠনকে অনুরোধ করে বলেন, চালকরা যেন একটানা চার থেকে পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালান এবং যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী না তোলেন।
বিশেষ করে আব্দুল্লাহপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ কমাতে আগামী ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এতে একদিনে বিপুল সংখ্যক মানুষের ঢাকা ছাড়ার চাপ কমবে এবং প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখ মানুষ করে ঢাকা ছাড়তে পারবে।
এছাড়া তৈরি পোশাক শিল্প মালিকদের প্রতি ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ১৬ থেকে ২০ মার্চের মধ্যে প্রতিদিন ২০ শতাংশ শ্রমিককে ছুটি দিলে পরিবহন সংকট ও যানজট অনেকটাই কমবে বলে মনে করছে ডিএমপি।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সামছুর রহমান শিমুল বিশ্বাস, মো. সাইফুল আলম এবং এম এ বাতেনসহ সংশ্লিষ্টরা।