বাংলা রক সংগীতের গুরুত্বপূর্ণ ব্যান্ড অর্থহীন–এ আবারও এলো বড় পরিবর্তন। ব্যান্ডটি ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। একই সঙ্গে নতুন তিন সদস্য যুক্ত হওয়ার খবরও জানিয়েছে ব্যান্ডটি।
গতকাল একই দিনে ব্যান্ডটি ছাড়ার ঘোষণা দেন তারা।
অর্থহীনের সঙ্গে মার্ক ডনের পথচলা ছিল এক দশকেরও বেশি সময়ের। দীর্ঘ এই যাত্রার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এই এক দশকে আমি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে দেখেছি। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা, প্রতিটা মুহূর্তে ব্যান্ডটির জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি।
অন্যদিকে গিটারিস্ট এহতেশাম আলী মঈনের পথচলা ছিল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। গত বছরের জানুয়ারিতে তিনি অর্থহীনে যোগ দেন।
বিদায়বেলায় এই দুই সংগীতশিল্পীর প্রতি শুভকামনা জানিয়েছে অর্থহীন। গতকাল সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ব্যান্ডটি লিখেছে, ‘পরিবর্তনই ধ্রুব সত্য—বিশেষ করে এমন একটি ব্যান্ডের জন্য যারা কয়েক দশক ধরে গান, সংগ্রাম আর বিজয়ের পথে হেঁটেছে।
একই সঙ্গে নতুন সদস্য যুক্ত হওয়ার খবরও জানানো হয়েছে। ব্যান্ডটির সাবেক সদস্য শিশির আহমেদ আবার ফিরেছেন অর্থহীনে। প্রায় ২০ বছর ব্যান্ডটির সঙ্গে কাজ করার পর ২০২৩ সালে তিনি দলটি ছেড়েছিলেন। এবার তিনি আবার গিটার ও কি-বোর্ডসে যোগ দিচ্ছেন।
নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আদনান আতিক ও শেখ এম রিয়াজ। আতিক থাকবেন কি-বোর্ডস ও গিটারে। আর মেকানিক্স ব্যান্ডের সদস্য রিয়াজ অর্থহীনে গেস্ট ড্রামার হিসেবে বাজাবেন।
ব্যান্ডটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ‘মুখগুলো বদলে গেলেও অর্থহীনের আত্মা সেই আগের মতোই আছে। আমরা স্টুডিওতে ফিরব এবং মঞ্চে ফেরার জন্য প্রস্তুতি নেব শিগগিরই; সেই চেনা বিশৃঙ্খলা আর মেলোডি নিয়ে, যা আপনারা সব সময় ভালোবেসে এসেছেন। আমাদের প্রতিটি চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য দর্শক-শ্রোতাদের ধন্যবাদ। সেরা সময়টা এখনো আসা বাকি। অর্থহীন মরেনি। অদ্ভুতদের জয় হোক।’