বর্ষীয়ান অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। ষাটের দশকের বাংলা ও উর্দু চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
সনি রহমান বলেন, ‘বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন নাসিমা খান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নাসিমা খান বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত চলচ্চিত্রে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন নাসিমা খান। পরে ১৯৬১ সালে সালাহউদ্দিন পরিচালিত ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এই ছবিতে রওশন আরার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন নাসিমা।
তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘নাচঘর’ ও ‘ধারাপাত’ উল্লেখযোগ্য। দীর্ঘ বিরতির পরও চলচ্চিত্রের সঙ্গে তার যোগাযোগ ছিল।