Image description

স্বপ্ন ও দায়িত্বের দ্বন্দ্বে আটকে পড়া এক সাধারণ মানুষের গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধুলোমাখা আয়না’ (The Obscure Mirror) আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের নির্মিত এই চলচ্চিত্র ভারতের তিনটি চলচ্চিত্র উৎসবে মোট ২৮টি পুরস্কার পেয়েছে।

‘সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং ‘১২তম ইন্ডি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়ে চলচ্চিত্রটি মোট ২৮টি পুরস্কার অর্জন করেছে।

চলচ্চিত্রটির গল্পে উঠে এসেছে স্বপ্ন ও দায়িত্বের টানাপোড়েন। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে একজন মানুষ কীভাবে নিজের স্বপ্ন থেকে দূরে সরে যান, সেটিই তুলে ধরা হয়েছে এতে।

গল্পের মূল চরিত্র একজন সাধারণ মানুষ। জীবিকার প্রয়োজনে তিনি ৯টা-৫টার কর্মজীবনে আটকে পড়েন। একসময় দায়িত্বের চাপে তার ভেতরের স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে। সহজ-সরল গল্প বলার ধরন এবং গভীর সামাজিক বার্তার কারণে চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। 

‘ধুলোমাখা আয়না’র রচনা ও পরিচালনা করেছেন মশরাফি সাজিব। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শেখ সায়েম হোসেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন মানিয়া সাদিয়া ও মিনহাজ উদ্দিন নাকিব। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মো. নেসার।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন এম. সাইফুর রহমান। কালার গ্রেডিং, ভিএফএক্স ও আবহসঙ্গীতের দায়িত্বে ছিলেন মো. জাহিদুল ইসলাম।চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত সবাই ঢাকার তেজগাঁও কলেজের ‘থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ বিভাগের শিক্ষার্থী। সীমিত বাজেট ও শিক্ষার্থী পরিচয়ের মধ্যেও তারা চলচ্চিত্রটি নির্মাণ করে আন্তর্জাতিক উৎসবে সাফল্য পেয়েছেন।

নির্মাতা দলের সদস্যরা বলছেন, এই অর্জন বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 

‘ধুলোমাখা আয়না’ এখন ইউটিউব চ্যানেল ‘F9 Films’-এ প্রকাশ করা হয়েছে। সেখানে দর্শকেরা বিনা মূল্যে চলচ্চিত্রটি দেখতে পারবেন।