Image description
মিছিলে বা সহিংসতায় মুখ ঢেকে রাখলেই যে পরিচয় গোপন থাকে, আধুনিক তদন্ত ব্যবস্থায় সেই ধারণা এখন অনেকটাই অকার্যকর। অভিযুক্ত ব্যক্তির পকেটে থাকা স্মার্টফোনটিই দিনের পর দিন নানা তথ্য সংরক্ষণ করে রাখে- কোথায় অবস্থান করেছেন, কার সঙ্গে যোগাযোগ হয়েছে, কোন গ্রুপে কী নির্দেশনা এসেছে এবং লেনদেন কীভাবে হয়েছে। ফলে সংঘবদ্ধ সহিংসতার তদন্তে প্রায়ই সবচেয়ে বড় সাক্ষী হয়ে ওঠে অপরাধীর নিজের মোবাইল ফোন।
 
গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। গত ১৫ নভেম্বর লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে বিক্ষোভ করেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। একই দিনে সদর ও টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর দুই দিন পর যৌথবাহিনীর অভিযানে তালিকায় থাকা ১৪ জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ফোনগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
 
 
তদন্তসংশ্লিষ্টদের মতে, একটি মোবাইল ফোন সঠিকভাবে বিশ্লেষণ করা গেলে পুরো চক্রের নেটওয়ার্ক ও কর্মকাণ্ডের চিত্র বেরিয়ে আসতে পারে। সাধারণত একটি ফোন থেকে যোগাযোগের জাল, কল লগ, কন্টাক্ট লিস্ট এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও মেসেঞ্জারের গ্রুপ চ্যাট পর্যালোচনা করা হয়। এর মাধ্যমে কে গ্রুপ খুলেছে, কে অ্যাডমিন, কে নির্দেশনা দিয়েছে এবং কে কেবল বার্তা দেখেছে- তা স্পষ্ট হতে পারে। পাশাপাশি বার্তা আদান-প্রদানের সময়রেখা থেকে ঘটনার আগে কী পরিকল্পনা হয়েছিল এবং পরে কী মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, তার ইঙ্গিত মেলে।
 
এ ছাড়া গুগল লোকেশন হিস্টরি, ছবির মেটাডেটা বা জিপিএস তথ্য, ওয়াই-ফাই ও মোবাইল টাওয়ারের রেকর্ড থেকে অবস্থানের তথ্য যাচাই করা যায়। বিকাশ, নগদ, রকেট ও ব্যাংকিং অ্যাপের লেনদেন খতিয়ে দেখে অর্থের উৎস ও প্রবাহের সূত্র ধরে নেপথ্যের অর্থদাতাদের বিষয়ে ধারণা পাওয়া সম্ভব। অনেকে নিজের কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ করে রাখেন কিংবা লাইভ বা গ্রুপে পাঠান, যা পরবর্তীতে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। গুগল ড্রাইভ, আইক্লাউড বা হোয়াটসঅ্যাপ ক্লাউড ব্যাকআপেও অনেক পুরোনো তথ্য সংরক্ষিত থাকতে পারে।
 
পৃথিবীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোবাইল ফরেনসিকে পরিচিত কিছু টুল ব্যবহার করে; এর মধ্যে রয়েছে সেলেব্রাইট ইউএফইডি ও ফিজিক্যাল অ্যানালাইজার, ম্যাগনেট অ্যাক্সিওম, এমএসএবি এক্সআরওয়াই এবং অক্সিজেন ফরেনসিক ডিটেকটিভ। এগুলো ফোনের ডেটা নিরাপদে কপি করে, অ্যাপের ভেতরের তথ্য গুছিয়ে দেখায় এবং একাধিক ফোনের যোগাযোগ মিলিয়ে নেটওয়ার্ক (নেটওয়ার্ক) চিত্র তৈরি করে।
 
 
 
এদিকে খোলা উৎসের দিকে রয়েছে অটোপসি, আর অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য এলিয়াপ ও আইলিয়াপ। তবে পেশাদার ল্যাবে টুলের চেয়েও বড় বিষয় হলো পদ্ধতি- জব্দ করার মুহূর্ত থেকে ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন রাখা, ডেটার হ্যাশ ভ্যালু নেয়া এবং প্রতিটি ধাপ চেইন অব কাস্টডিতে লিখে রাখা।
 
আবার ফোনে সাধারণত কয়েক স্তরের লক থাকে; পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড, আঙুলের ছাপ বা মুখের ছবি। এর ওপর থাকে অ্যাপ লক, সিকিউর ফোল্ডার, লুকানো অ্যাপ আর ডুয়াল অ্যাপ। আধুনিক আইফোন আর অ্যান্ড্রয়েডে পুরো ডেটা এনক্রিপ্ট করা থাকে, তাই লক খোলা সবসময় সহজ নয়। ফোন জব্দের সময় সেটা চালু ছিল নাকি বন্ধ, তার ওপরও অনেক কিছু নির্ভর করে। তাই অভিজ্ঞ তদন্তকারীরা জব্দের মুহূর্ত থেকেই সতর্ক থাকেন।
 
তবে লক খোলা না গেলেও পথ বন্ধ হয় না। একই গ্রুপের অন্য সদস্যদের ফোন, ক্লাউড অ্যাকাউন্ট, মোবাইল অপারেটরের কল রেকর্ড আর এমএফএস প্রতিষ্ঠানের লেনদেনের রেকর্ড থেকে একই নেটওয়ার্কের ছবি আলাদাভাবে পাওয়া যায়।
 
অনেকের ধারণা, ফোন থেকে মেসেজ বা তথ্য মুছে ফেললেই সব প্রমাণ নষ্ট হয়ে যায়। বাস্তবে নিজের ডিভাইস থেকে বার্তা মুছে ফেললেও প্রাপক বা গ্রুপের অন্য সদস্যদের ফোনে তা থেকে যেতে পারে। ক্লাউড ব্যাকআপে আগের দিনের কপি থাকতে পারে। মোবাইল অপারেটর আর পেমেন্ট প্রতিষ্ঠানের সার্ভারে কল আর লেনদেনের রেকর্ড আলাদাভাবে সংরক্ষিত থাকে। আর ঠিক ঘটনার পরপর মুছে ফেলার চেষ্টাটাও তদন্তে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে দাঁড়ায়।
 
 
 
মোবাইল ফরেনসিক শুধু দোষী ধরার হাতিয়ার নয়, নির্দোষকে রক্ষারও হাতিয়ার। আমাদের দেশে একেকটা মামলায় শত শত, এমনকি হাজার হাজার আসামি করা হয়। যেমন সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা হয়েছে। এ অবস্থায় ডিজিটাল প্রমাণই পারে আলাদা করে দেখাতে; কে সত্যিই ঘটনাস্থলে ছিল, কে নির্দেশ দিয়েছে, আর কার নাম শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে তালিকায় উঠেছে।
রাজনৈতিক সংবাদ
 
এ জন্য কয়েকটা বিষয় না মানলে চলবে না। ফোন তল্লাশি হতে হবে আইনি কর্তৃত্বে, নির্দিষ্ট মামলার সঙ্গে সম্পর্কিত তথ্যের মধ্যে সীমাবদ্ধ থেকে। রাস্তায় ঢালাওভাবে সাধারণ মানুষের ফোন চেক করা যাবে না। প্রতিটি প্রমাণ হ্যাশসহ সংরক্ষণ করতে হবে, যাতে আদালতে প্রমাণ করা যায় যে কেউ তাতে হাত দেয়নি। আর প্রশিক্ষিত বিশেষজ্ঞের রিপোর্ট ছাড়া কাউকে দোষী বলে প্রচার করা যাবে না। নইলে যে প্রযুক্তি অপরাধ ধরার জন্য, সেটাই হয়রানির ঝুঁকি তৈরি হতে পারে।
 
সহিংসতা এখন আর শুধু রাস্তায় সংগঠিত হয় না, সংগঠিত হয় ফোনের গ্রুপ চ্যাটে। তাই তদন্তও এখন রাস্তা থেকে ল্যাবে সরে এসেছে। ডিজিটাল যুগে অপরাধ যেহেতু ভার্চুয়াল মাধ্যমেও সংগঠিত হচ্ছে, তাই আইন ও ফরেনসিক মানদণ্ড মেনে তদন্ত পরিচালনা করতে পারলে মাঠপর্যায়ের বাইরে মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদের কাছে পৌঁছানো সহজ হতে পারে।