Image description

দাগনভূঞা থানার ওসি মো. ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।

সম্প্রতি দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাজকিরা সনির সাথে ওসি ফয়জুল আজিমের একটি টেলিফোন কথোপকথনের অডিও সোশ্যাল ছড়িয়ে পড়ে।

এর আগে গত ১০ নভেম্বর গ্রেপ্তার হন তাজকিরা আক্তার সনি। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। এরপর ওসি ফয়জুল আজিম তাকে ফোন করে দেখা করতে বলেন। তবে সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন। এ ছাড়া তিনি কুমিল্লার মিয়াবাজারে অবস্থান করছেন। তাই তার পক্ষে দাগনভূঞায় যাওয়া সম্ভব নয়।

 

অডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘মাথাব্যথা থেকে যা কিছু আছে, সব চলে যাবে। তুমি আসো। আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে। আমার কিছু চাওয়া-পাওয়া নেই। শুধু একটু দেখতে চাই। একটা সিএনজি নিয়ে চলে আসো।’

 

জবাবে সনি বলেন, ‘আমি দাগনভূঞা নেই। থাকলে অবশ্যই আসতাম। আমি চৌদ্দগ্রামে আছি। আমি জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছি। জেলে ভাত খেতে পারিনি। বাড়ি এসে ভাত খেয়েছি।’

 

এরপর ওসি বলেন, ‘মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছ, বাংলোয় চলে আসো।’

ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ওই নারী দুর্ধর্ষ। অনেক কষ্টে তাকে গ্রেপ্তার করেছিলাম। কিন্তু জামিনে বেরিয়ে আবার পালিয়ে যায়। এখন ভেবেছিলাম, আবার বুঝিয়ে বাসায় নিয়ে আসব।’

ওসি আরও বলেন, ‘সনির প্রতিপক্ষ গ্রুপের কিছু তথ্য তার কাছে রয়েছে। তাকে সোর্স হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেপ্তারের পরিকল্পনা ছিল।’