সাতক্ষীরার সদর উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করে পুলিশের হাতে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।
আটক দুজন হলেন, সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান (১৯) ও ছাত্রলীগের সদস্য মো. মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে এবং মিন্টু একই এলাকার আমবীর হোসেনের ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, বুধবার বিকেলে আলিপুর এলাকায় মোটরসাইকেল শোডাউন করছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শোডাউনটি পৌঁছালে একে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় নেতাকর্মীরা ধাওয়া দিয়ে ইটপাটকেলসহ মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন।
পরে তাদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে পুলিশে খবর দেওয়া হয়। সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আটক দুজন থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি। তাদের গ্রেপ্তারে পুলিশ আগে থেকেই এলাকায় নজরদারি করছিল। একই সঙ্গে স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল।
স্থানীয়রা তাদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানান ওসি শফিকুল ইসলাম।