ব্যবহারকারীদের নির্দিষ্ট ও অবহিত সম্মতি ছাড়াই অ্যান্ড্রয়েড ডিভাইসে সংরক্ষিত ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট তথ্য ব্যবহারের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ। মার্কিন মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ৯০ কোটি ডলার।
শনিবার (১৪ নভেম্বর) ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ এ জরিমানা নির্ধারণ করে বলে খবর প্রকাশ করেছে এপি ও রয়টার্স।
ইতালির ডেটা প্রোটেকশন অথরিটি জানিয়েছে, ২০২৩ সালে চালু হওয়া ফেসবুকের ‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি হোয়েন ব্রাউজিং ফেসবুক’ ফিচারকে কেন্দ্র করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করার পরামর্শ দেওয়া হতো।
তদন্তে দেখা গেছে, ফেসবুক একাধিক কার্যক্রমের জন্য একটিমাত্র অনুমতি চাইত। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের একটি সাধারণ সতর্কবার্তা দেওয়া হলেও তাদের ছবি ও ভিডিওর গ্যালারিতে প্রবেশের বিষয়টি স্পষ্টভাবে জানানো হতো না।
এ ছাড়া ফিচারটি ডিফল্টভাবে চালু রাখা হয়েছিল। ফলে ব্যবহারকারী একবার অনুমতি দিলে অ্যাপটি তার ফোনে সংরক্ষিত পুরো ছবির সংগ্রহে প্রবেশের সুযোগ পেতে পারত।
২০২৫ সালের জুলাইয়ে বলজানো কনজ্যুমার প্রোটেকশন সেন্টারের অভিযোগের পর তদন্ত শুরু হয়। এ সময় অ্যাপটির প্রযুক্তিগত কার্যক্রমও বিশ্লেষণ করা হয়।
ইতালির নিয়ন্ত্রক সংস্থার মতে, এ ধরনের কার্যক্রম দেশটির প্রাইভেসি কোডের ১২২ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। ইউরোপীয় ইউনিয়নের ই-প্রাইভেসি নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এই আইন ব্যবহারকারীদের ডিভাইসে সংরক্ষিত তথ্যের সুরক্ষা নিশ্চিত করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোনে সংরক্ষিত তথ্যে প্রবেশের ক্ষেত্রে ব্যবহারকারীর স্বাধীন ও অবহিত সম্মতি থাকা বাধ্যতামূলক। পরবর্তী সময়ে ব্যক্তিগত তথ্য অন্য কোথাও পাঠানো হয়েছে কি না কিংবা ব্যবহারকারীর কোনো ক্ষতি হয়েছে কি না, তা এ ক্ষেত্রে বিবেচ্য নয়।
এদিকে মামলাটিতে নিজেদের বিরুদ্ধে ইতালির কর্তৃপক্ষের এখতিয়ার নিয়ে মেটার আপত্তিও নাকচ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য, ই-প্রাইভেসি আইনে ইউরোপীয় ইউনিয়নের ‘ওয়ান-স্টপ-শপ’ ব্যবস্থা প্রযোজ্য নয়।
রায় অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে মেটাকে কয়েকটি পরিবর্তন আনতে হবে। এর মধ্যে রয়েছে ছবি ও ভিডিও গ্যালারিতে প্রবেশের জন্য আলাদা সম্মতি নেওয়া, ফিচারটির উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করা এবং সেটি ডিফল্টভাবে বন্ধ রাখা। আগে যারা অনুমতি দিয়েছেন, তাদের ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে।
এ ছাড়া ৩০ দিনের মধ্যে প্রাথমিক পদক্ষেপের প্রতিবেদন এবং ৯০ দিনের মধ্যে বাস্তবায়িত ব্যবস্থার বিস্তারিত তথ্য জমা দিতে হবে মেটাকে।
ইতালির কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। লঙ্ঘনের ব্যাপ্তি ও স্থায়িত্ব, ২০১৯ সালে মেটার বিরুদ্ধে নেওয়া আগের পদক্ষেপ এবং তদন্তে প্রতিষ্ঠানটির অসহযোগিতার বিষয়গুলো জরিমানার পরিমাণ নির্ধারণে বিবেচনা করা হয়েছে।
তবে তদন্তে ব্যবহারকারীদের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হয়নি। পাশাপাশি ২০২৬ সালে চালু হওয়া ক্লাউডভিত্তিক গ্যালারি প্রসেসিং ফিচার নিয়ে আলাদাভাবে তদন্ত করার অধিকার সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।