Image description

প্রতিদিন বাড়িতে পুলিশ পাঠানোর পরিবর্তে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরামর্শ দিয়ে ফেসবুকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশে খোলা চিঠি লিখেছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। তবে খোলা চিঠিতে বর্তমান ওসির পরিবর্তে সাবেক ওসির ছবি ব্যবহার করেছেন তিনি। এ ছাড়া পোস্টে দেওয়া হয়েছে থানার ওসির সরকারি মোবাইল ফোন নম্বর।

 

শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সুনামগঞ্জের মধ্যনগর থানার ওসির উদ্দেশে ওই খোলা চিঠি প্রকাশ করেন তিনি।

 

অভিযুক্ত এম এম নাদিমুল হাসান (মাহিন) মধ্যনগর উপজেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক। মাহিন মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের টেপিরকোনা গ্রামের মো. বিপ্লব মিয়ার ছেলে।

 

খোলা চিঠিতে তিনি লেখেন, ‘প্রিয় মো. মনিবুর রহমান স্যার, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ। প্রতিদিন আমার খোঁজে বাড়িতে পুলিশ পাঠানোর ফলে রাষ্ট্রের অর্থ ব্যয় হচ্ছে। আপনাকে একটি পরামর্শ দিচ্ছি, প্রয়োজনে আমার বাড়িতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করতে পারেন। আমি, এস এম নাদিদুল হাসানকে খুঁজতে আপনার পুলিশকে আর কষ্ট করতে হবে না। ইনশাআল্লাহ, শিগগিরই মধ্যনগরের মাটিতে সকল পাকিস্তানি অপশক্তিকে পরাজিত করা হবে।’

 

তবে খোলা চিঠিতে ওসি হিসেবে উল্লেখ করা মো. মনিবুর রহমান বর্তমানে মধ্যনগর থানায় কর্মরত নন। বদলি হয়ে তিনি থানা ছেড়েছেন। বর্তমানে মধ্যনগর থানার ওসির দায়িত্ব পালন করছেন এ কে এম শাহাব উদ্দিন শাহীন।

 

নাদিমুল হাসান সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার ফেসবুক প্রোফাইলে রনজিত সরকারের সঙ্গে একটি ছবি রয়েছে। সেখানে তাকে রনজিত সরকারকে ‘কাকা’ বলে সম্বোধন করতেও দেখা যায়। বর্তমানে তার পরিবার ঢাকা বা গাজীপুর এলাকায় বসবাস করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের পক্ষে একাধিক পোস্ট রয়েছে।

 

এলাকায় না থাকায় নাদিমুল হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মধ্যনগরের স্থানীয় গণমাধ্যমকর্মী ও তার গ্রামের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ফেসবুকে ওসির উদ্দেশে প্রকাশিত খোলা চিঠিটি নাদিমুল হাসানেরই।

 

এ বিষয়ে মধ্যনগর থানার বর্তমান ওসি এ কে এম শাহাব উদ্দিন শাহীন বলেন, ‘শুনেছি, নাদিম নামে একটি ছেলে ফেসবুকে আগের ওসির ছবি দিয়ে কিছু লিখেছে। আমার জানা মতে, তার নামে কোনো মামলা নেই। পুলিশও তার বাড়িতে যায়নি। সে বাড়িতে থাকে না, বাড়িতে তার মা-বাবাও কেউ নেই। সম্ভবত আগের ওসি কোনো একসময় সেখানে গিয়েছিলেন। তার বাড়িতে নিয়মিত পুলিশ যাওয়ার দাবি মিথ্যা।’