গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপ থেকে গুগল ফটোজে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ব্যাকআপের সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল। ‘গুগল ড্রাইভ ফর ডেস্কটপ’ ব্যবহার করে গুগল ফটোসে ছবি ও ভিডিওর স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধা আর থাকছে না।
গুগল জানিয়েছে, এই পরিবর্তনের পর ড্রাইভের ডেস্কটপ অ্যাপ ব্যবহার করে কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডার থেকে গুগল ফটোজে স্বয়ংক্রিয়ভাবে নতুন ছবি ও ভিডিও আপলোড হবে না। ব্যাকআপ ব্যবস্থাকে আরও সহজ করা এবং ছবি ব্যবস্থাপনার জন্য গুগল ফটোজে বেশি গুরুত্ব দেয়ার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে।
বর্তমানে গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপে কম্পিউটারের নির্দিষ্ট কোনো ফোল্ডার নির্বাচন করে সেখানকার ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে ব্যাকআপ রাখা যায়। গত ১০ আগস্টের পর এই সংযোগ আর কাজ করবে না। ফলে ওই ফোল্ডারগুলোতে থাকা নতুন ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে আপলোড হবে না।
তবে এতে গুগল ড্রাইভ বা গুগল ফটোজ বন্ধ হচ্ছে না। ড্রাইভের ডেস্কটপ অ্যাপের সাধারণ ফাইল সিঙ্কিং আগের মতোই চালু থাকবে। শুধু ড্রাইভের মাধ্যমে গুগল ফটোজে ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ দেয়ার সুবিধাটি বন্ধ হচ্ছে।
গুগল জানিয়েছে, এই পদ্ধতিতে আগে যেসব ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ হয়েছে, সেগুলো নিরাপদেই থাকবে এবং পরিবর্তনের কারণে সেগুলো মুছে যাবে না।
ব্যাকআপ চালু রাখতে যা করতে হবে
গুগল ফটোজে ছবি ও ভিডিওর ব্যাকআপ চালু রাখতে ব্যবহারকারীদের সরাসরি গুগল ফটোজের মাধ্যমে সেটিং করতে হবে। এর জন্য দুটি উপায় রয়েছে।
প্রথমত, গুগল ফটোজে ‘+’ বাটনে গিয়ে ‘Back up folders’ নির্বাচন করে কম্পিউটারের যেসব ফোল্ডার থেকে ছবি ও ভিডিও ব্যাকআপ রাখতে চান, সেগুলো নির্বাচন করা যাবে।
দ্বিতীয়ত, আগে থেকেই গুগল ড্রাইভে থাকা ছবি ও ভিডিও সরাসরি গুগল ফটোজে ইমপোর্ট করা যাবে।
তবে গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপের আগের ব্যবস্থার সঙ্গে নতুন ব্যবস্থার একটি পার্থক্য রয়েছে। গুগল ফটোজ ওয়েবসাইটের মাধ্যমে সেট করা ব্যাকআপ চালু রাখতে ব্রাউজারে গুগল ফটোজের ওয়েবসাইট খোলা থাকতে হবে। এটি ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে চলবে না।
যারা মূলত ফোন থেকে ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ করেন, তাদের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব পড়বে না। তবে কম্পিউটারের ফোল্ডার, ক্যামেরা থেকে নেওয়া ছবি বা স্ক্যান করা নথি ব্যাকআপের জন্য যারা গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপ ব্যবহার করেন, তাদের ১০ আগস্টের আগেই নতুন ব্যবস্থা চালু করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সেটিং পরিবর্তন না করলেও আগে ব্যাকআপ করা ছবি ও ভিডিও মুছে যাবে না। তবে নতুন ছবি ও ভিডিওর স্বয়ংক্রিয় ব্যাকআপ বন্ধ হয়ে যাবে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া