Image description

ভারতের গ্রেটার নয়ডা ওয়েস্টে ই-রিকশার থাকা এক নারীর কাছ থেকে আইফোন ১৮ প্রো ছিনতাই করেছে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করতে ফোন বের করেছিলেন ওই নারী। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে তার কাছে এসে প্রথমে ঠিকানা জানতে চান। পরে তারা জিজ্ঞেস করেন, ‘এটাই কি নতুন আইফোন?’

নারীটি ফোনটি নতুন আইফোন বলে জানালে দুই ব্যক্তির একজন তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনার তিন দিন আগে আইফোন ১৮ প্রোটি কিনেছিলেন তিনি।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়। ভুক্তভোগীর স্বামী সাকেত গুপ্ত সকালে প্রধান সড়কগুলোতে পুলিশের উপস্থিতি সীমিত থাকার বিষয়ে উদ্বেগ জানান।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে অনলাইনে এফআইআর করা হয়েছে। বিসরখ থানার কর্মকর্তা রণজিৎ সিং বলেন, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ পরীক্ষা করা হচ্ছে।

 

সূত্র: এনডিটিভি