Image description

প্রযুক্তিবিশ্বে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের জন্য সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত নতুন চিপ উন্মোচন করেছে এনভিডিয়া।

মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে তৈরি ‘আরটিএক্স স্পার্ক’ নামের এ চিপটি ইন্টারনেটের ওপর নির্ভর না করে কম্পিউটারের নিজস্ব সিস্টেমেই সরাসরি স্বয়ংক্রিয় এআই এজেন্ট চালাতে পারবে।

এনভিডিয়ার এ নতুন উদ্ভাবন অ্যাপল, ইনটেল ও এএমডি’র মতো প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানিকে সরাসরি বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

তাইওয়ানে চলমান ‘কম্পিউটেক্স কনফারেন্স-এ অংশ নিয়ে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, চিপটি মাইক্রোসফটের সঙ্গে তাদের দীর্ঘ তিন বছরের যৌথ প্রচেষ্টার ফল। এআই যুগের উপযোগী করে পার্সোনাল কম্পিউটার বা পিসি’কে ‘নতুন রূপ দেওয়ার’ লক্ষ্যেই চিপটি তৈরি, যা তৈরিতে এনভিডিয়াকে বিশেষভাবে সহায়তা করেছে তাইওয়ানের চিপ নির্মাতা কোম্পানি ‘মিডিয়াটেক’।

শিল্প খাতের বিশেষজ্ঞরা বলছেন, এ প্রযুক্তিটি মানুষের কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে। চিপটির সবচেয়ে বড় সুবিধা, এআই অ্যাপ্লিকেশন বা এজেন্ট চালানোর জন্য এটি ইন্টারনেটের মাধ্যমে কোনো ক্লাউড কম্পিউটিংয়ের ওপর নির্ভর করবে না, বরং কম্পিউটারের নিজস্ব সিস্টেমের ভেতরেই সরাসরি কাজ করবে।

প্রযুক্তি বিশ্লেষক ও ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’-এর সহ-প্রতিষ্ঠাতা নিল শাহ এ পরিবর্তনের গভীরতা তুলে ধরে বলেছেন, “আরটিএক্স স্পার্ক চিপটি প্রচলিত অ্যাপভিত্তিক পিসি’কে কাজের ও এআই এজেন্টচালিত পার্সোনাল কম্পিউটারে রূপান্তর করবে, যা আগামী বছরগুলোতে ব্যক্তিগত এআই এজেন্টের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে একসময় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে।”

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এ উদ্ভাবনের গুরুত্ব অপরিসীম।

বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে নিল শাহ আরও যোগ করেছেন, “পার্সোনাল কম্পিউটিং বা পিসি খাতের জন্য ‘আরটিএক্স স্পার্ক’ এমন এক মুহূর্ত হতে যাচ্ছে, ঠিক যেমনটি একসময় আইফোন, চ্যাটজিপিটি বা ডিপসিকের আগমনী মুহূর্তগুলো হয়েছিল।”

নতুন এ চিপ ও এর পাশাপাশি এনভিডিয়ার ‘ভেরা’ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ-এর উন্মোচনে প্রমাণ মেলে, কোম্পানিটি এখন পিসি ও সিপিইউ পণ্যের ওপর কতটা জোর দিচ্ছে।

বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির প্রধান হুয়াং তার চিরচেনা কালো চামড়ার জ্যাকেট পরে মঞ্চে উঠে আসেন। হুয়াংয়ের মূল বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল এ আরটিএক্স স্পার্ক চিপ ও ভেরা সিপিইউ-এর জয়গান।

হুয়াং বলেছেন, ভেরা সিপিইউ’টি এআই এজেন্টদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এবং একদম শুরুর দিকে এ প্রযুক্তিটি লুফে নিয়েছে ওপেনএআই, অ্যানথ্রপিক ও স্পেসএক্সের মতো বড় কোম্পানিগুলো।

এনভিডিয়ার এ বড় ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে কোম্পানিটির বড় প্রভাব দেখা গেছে। প্রাক-বাজার লেনদেনে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী কোম্পানি এএমডি ও ইনটেলের শেয়ারের দাম প্রায় চার শতাংশ পড়েছে।

কোয়ালকমের শেয়ারের দর পতন হয়েছে প্রায় সাত শতাংশ ও অ্যাপলের শেয়ার কমেছে ০.৬ শতাংশ। অন্যদিকে, সফটওয়্যার খাতের চাঙ্গা ভাবের পাশাপাশি এ চিপের সাফল্যে ভর করে মাইক্রোসফটের শেয়ারের দাম ৩.১ শতাংশ বেড়েছে।

সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই এজেন্টের দিকে যাত্রা

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শীর্ষ নেতাদের মিলনমেলা ‘কম্পিউটেক্স’ কনফারেন্স শুরু হওয়ার প্রাক্কালে বক্তব্য দিয়েছেন হুয়াং।

কম্পিউটারের নিজস্ব হার্ডওয়্যারে সরাসরি এআই এজেন্ট চালানোর ব্যাপারে এনভিডিয়া যে জোর দিচ্ছে, তার প্রতিধ্বনি শোনা গেছে কোয়ালকমের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ানো আমনের কণ্ঠেও।

কম্পিউটেক্সের আগে দেওয়া এক বক্তব্যে তিনি ২০২৬ সালকে এআই এজেন্টের জন্য বড় এক পরিবর্তনের বছর হিসেবে উল্লেখ করেন।

শিল্প খাতের এ রূপান্তরকে ব্যাখ্যা করতে গিয়ে আমন বলেছেন, “দুই বছর আগে আমরা আলোচনা করেছিলাম এআই কীভাবে মানুষ ও কম্পিউটারের মধ্যকার যোগাযোগের মাধ্যমকে বদলে দেবে এবং এর ফলে আমাদের সব পার্সোনাল কম্পিউটিং ডিভাইসের ভেতরের গঠনশৈলীও পরিবর্তিত হবে।

“২০২৬ সালে এসে তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এ কারণেই আমরা ২০২৬ সালকে ‘এআই এজেন্টের বছর’ বলে বর্ণনা করছি।”

প্রযুক্তি খাত এখন এআইকে কেবল সাধারণ প্রশ্ন-উত্তরের টুল হিসেবে ব্যবহারের গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংক্রিয় এজেন্টের দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লখ করছেন আমন।

তার ভাষায়, এআই এজেন্টের যুগে পদার্পণের কারণে কম্পিউটারের নিজস্ব সিস্টেমে সরাসরি প্রসেসিং বা লোকাল এজ কম্পিউটিংয়ের ব্যবহার এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। কারণ, বর্তমানে বিভিন্ন ডিভাইসের ভেতরের গঠনশৈলী সবসময় চালু থাকবে এমন স্বয়ংক্রিয় কাজের উপযোগী করে তৈরি করা হয়নি।

“আজকের এসব ডিভাইসের সবকটিই তৈরি হয়েছে ব্যবহারকারীর দেওয়া নির্দেশে কাজ করার জন্য, এআই এজেন্টের নিজস্ব স্বয়ংক্রিয় সিদ্ধান্তের জন্য নয়।”

এর আগে, মে মাসে এক আর্থিক সভায় এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং বলেছেন, তাদের এ নতুন ‘ভেরা’ সেন্ট্রাল প্রসেসর বাজারে আসার মাধ্যমে কোম্পানিটির সামনে এখন নতুন এক ২০ হাজার কোটি ডলারের বড় বাজারের দুয়ার উন্মোচিত হল।

এনভিডিয়ার সর্বশেষ বিভিন্ন এআই পণ্যের বিবরণ দেওয়ার সময় ও বিশ্ব প্রযুক্তি বাজারে তাইওয়ানের কেন্দ্রীয় ভূমিকার কথা তুলে ধরে এক দীর্ঘ বক্তব্যে হুয়াং বলেছেন, “এ ‘ভেরা’ সিপিইউ হতে যাচ্ছে আমাদের ব্যবসার প্রবৃদ্ধির নতুন ও অন্যতম প্রধান চালিকাশক্তি।”

এআইয়ের কারণে সফটওয়্যার প্রকৌশলীদের চাহিদা কমে যাবে– এমন আশঙ্কাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন হুয়াং। তার যুক্তি, এ প্রযুক্তি বরং কর্মীদের উৎপাদনশীলতা বাড়িয়ে কর্মসংস্থান আরও বাড়াবে।

“এটাই হল এআইয়ের আসল প্রতিশ্রুতি। (প্রযুক্তি শিল্পে) ইঞ্জিনিয়ার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সংখ্যা দিন দিন বাড়ছে। মানুষ যে বলে এআই চাকরি কমিয়ে দিচ্ছে তা ‘সম্পূর্ণ বানোয়াট কথা’, বরং উল্টো আরও বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগের সুযোগ তৈরি করছে।”

গত সপ্তাহে তাইওয়ানে প্রতি বছর প্রায় ১৫ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানে জন্মগ্রহণ করা হুয়াং। বিনিয়োগের যৌক্তিকতা তুলে ধরে তিনি তাইওয়ানকে এআই বিপ্লবের ‘কেন্দ্রবিন্দু’ হিসেবে বর্ণনা করেছেন।

তাইপেই মিউজিক হলে দেওয়া হুয়াংয়ের এ বক্তব্যটি এমন সময়ে এল, যার ঠিক দুই সপ্তাহ আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে এক উচ্চপর্যায়ের কর্পোরেট প্রতিনিধি দলের সদস্য হিসেবে বেইজিং সফর এবং সেখানে চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রযুক্তির অন্যতম এ বড় আসর ‘কম্পিউটেক্স’ প্রদর্শনীটি আগামী ২ থেকে ৫ জুন পর্যন্ত চলব