Image description

‎‎চাঁপাইনবাবগঞ্জে মাদক-সংক্রান্ত পূর্ববিরোধ ও চুরির টাকার ভাগ-বাটোয়ারার জেরে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

‎নিহত যুবক রজব আলী (২৪) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদক-সংক্রান্ত পূর্বের বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত মেহেদী রজব আলীর শার্টের কলার ধরে রাখেন। এ সময় জিসান নামে আরেক যুবক তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা সবাই একই মহল্লার বাসিন্দা এবং পরস্পরের বন্ধু। তারা মাদকসেবনের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের দাবি। মাদক-সংক্রান্ত বিষয় ও চুরির টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত পূর্ববিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

তিনি জানান, ঘটনার পর পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।