Image description

ব্যাটিংয়ে আরও আগ্রাসী হওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে কয়েকজন ক্রিকেটারকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করছে তারা। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি নিয়ে কাজ চলছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। 

ক্রিকইনফোকে হেসন বলেন, ‘আমরা কিছু খেলোয়াড়কে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করছি। সেখানে পাওয়ার হিটিং নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। দীর্ঘদিন চোটে থাকা কয়েকজন এবং কিছু ক্রিকেটারকে নতুন ধরনের পাওয়ার হিটিং পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। চার মাস ধরে এই প্রশিক্ষণ চলবে।’

এই উদ্যোগকে পাকিস্তান ক্রিকেটে চলমান পরিবর্তনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। চলতি বছর যুক্তরাজ্যভিত্তিক ফিজিওথেরাপিস্ট ড. জাভেদ মুঘলকে স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিন বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। তার নেতৃত্বে খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়ন ও প্রশিক্ষণ পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে।

তবে কোচ হেসনের মতে, বিষয়টি শুধু ফিটনেসের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, ‘এটি একটি সমন্বিত পরিকল্পনা। শুধু শক্তি ও ফিটনেস নয়, খেলোয়াড়দের শেখার নতুন পরিবেশও দেওয়া হবে। জাভেদ মুঘল খেলোয়াড়দের মূল্যায়ন ও প্রশিক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আনছেন। সেটিও সময় নিয়ে বাস্তবায়ন করতে হবে।’

যুক্তরাষ্ট্র সফরের সম্ভাব্য তালিকায় রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের পেসার আলি রাজাও। পাকিস্তানের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয় ১৮ বছর বয়সী এই ক্রিকেটারকে। গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি চলতি বছর পিএসএলেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে তার ফিটনেস ও কাজের চাপ ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে পিসিবি। হেসন বলেন, ‘আলি রাজাকে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর মতো ফিট ও শক্তিশালী করে তুলতে চাই। নিজের সেরা গতিতে সে অসাধারণ, কিন্তু সেই গতি ধরে রাখতে শরীরকেও প্রস্তুত করতে হবে।’